পাবনায় রমজান আলী নামে জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নের চর শিবরামপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিএনপির কর্মীরা এই হামলার সঙ্গে জড়িত। ঘটনার প্রতিবাদে রোববার দুপুরে জামায়াতের নেতা-কর্মীরা পাবনা শহরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন। অন্যদিকে, এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বিএনপিও বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে।
আহত রমজান আলী একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি হিমাইতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি এবং চর শিবরামপুর ভোটকেন্দ্রের পরিচালক। শনিবার রাতে ভোটের প্রচার শেষে মসজিদে নামাজ আদায় করে বের হওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার প্রতিবাদে রোববার সকাল ১১টার দিকে জামায়াতের নেতা-কর্মীরা পাবনা শহরের শহীদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। এ সময় বক্তারা হামলার জন্য বিএনপিকে দায়ী করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন পাবনা পৌর জামায়াতের আমির আবদুল লতিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা এবং সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল।
অন্যদিকে, জামায়াতের অভিযোগের প্রতিবাদে একই সময়ে বিএনপির নেতা-কর্মীরাও শহরে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে পাবনা প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ অস্বীকার করেন বিএনপির নেতারা।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন, একটি ঘটনাকে কেন্দ্র করে জামায়াত উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা হামলার শিকার হওয়ায় বিএনপিও মর্মাহত। তবে এই ঘটনার সঙ্গে দলের কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততা নেই। তার দাবি, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।