সকল মেনু

গজারিয়ায় জবাই করা ১৩ ঘোড়া ফেলে পালাল চক্র

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় স্থানীয়দের ধাওয়া খেয়ে জবাই করা ১৩টি ঘোড়া ফেলে পালিয়েছে অবৈধ ঘোড়া মাংস ব্যবসায়ীদের একটি চক্র। ঘটনাস্থল থেকে জবাইয়ের জন্য আনা একটি জীবিত ঘোড়াও উদ্ধার করেছেন এলাকাবাসী।

বুধবার ভোরে উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের পেছনে একটি পরিত্যক্ত ঘর থেকে এসব ঘোড়া উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, উদ্ধার হওয়া ঘোড়াগুলো জবাই করে প্রায় ৩৫ থেকে ৪০ মণ মাংস সংগ্রহ করে বাজারজাত করার পরিকল্পনা ছিল চক্রটির।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা তোফাজ্জল মিয়াজী বলেন, প্রায় ছয় মাস ধরে ওই এলাকায় অস্বাভাবিক কিছু কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় গ্রামবাসী নজরদারি শুরু করেন। বুধবার ভোরে তারা ঘটনাস্থলে গেলে চক্রটি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় তিতাস ও রাজিব নামের দুইজনকে তারা চিনতে পারেন বলে জানান।

আরেক প্রত্যক্ষদর্শী নাজমুল হোসেন বলেন, প্রতি রবিবার ও বুধবার গভীর রাতে পরিত্যক্ত ঘরটির সামনে অজ্ঞাত গাড়ি আসতে দেখা যেত। পরে সকালে সেখানে রক্ত ও পশুর হাড় পড়ে থাকতে দেখা যেত। অনুসন্ধানে জানা যায়, চক্রটি ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে বিভিন্ন হোটেলে সরবরাহ করত। পরে চামড়া, হাড় ও নাড়িভুঁড়ি গর্ত করে পুঁতে ফেলে প্রমাণ নষ্টের চেষ্টা করত।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিগ্যান মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ ও ইউএনওকে জানানো হয়েছে। ঘটনাস্থল থেকে ১৩টি জবাই করা ঘোড়া ও একটি অসুস্থ ঘোড়া পাওয়া গেছে। অসুস্থ ঘোড়াটিকে চিকিৎসা দিয়ে একজনের হেফাজতে রাখা হয়েছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ঘোড়া জবাইয়ের কোনো অনুমতি নেই। ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যায়নি। তবে পুলিশকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া জবাই করা ঘোড়াগুলো প্রাণিসম্পদ অধিদপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হবে।

 

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।