সংসদ গণভোটের রায় মেনে নিক বা না নিক, জনগণের শক্তিকে সঙ্গে নিয়েই তা বাস্তবায়ন করা হবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
জামায়াতের আমির বলেন, যেদিন গণভোটের গণ রায়কে অস্বীকার করা হয়েছে, সেই দিন থেকেই নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে নব্য ফ্যাসিবাদের এই যাত্রা থামিয়ে দেব, ইনশাআল্লাহ। আমরা তা আগাতে দেব না।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ইচ্ছাই সর্বোচ্চ শক্তি। আমরা সেই ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল। সংসদ গণভোটের রায় মেনে নিক বা না নিক, জনগণের সমর্থন নিয়েই আমরা এই রায় বাস্তবায়ন করব। তিনি বলেন, অতীতে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনগুলোও জনগণের আন্দোলনের মাধ্যমেই অর্জিত হয়েছে,
তাই বর্তমান পরিস্থিতিতেও জনগণই হবে চূড়ান্ত নির্ধারক শক্তি। তিনি অভিযোগ করেন, সংসদের ভেতরে গঠনমূলক আলোচনা ও ইতিবাচক বিতর্কের মাধ্যমে সমাধান খোঁজার যে প্রত্যাশা ছিল, তা বাস্তবায়িত হয়নি। ফলে জনগণের আকাক্সক্ষা পূরণে ব্যর্থ হয়ে সংসদ নিজেই তার কার্যকারিতা হারাচ্ছে। এই বাস্তবতায় আমরা আবার জনগণের কাছেই ফিরে গেছি।
বিরোধীদলীয় নেতা বলেন, দুদিন আগে জনগণকে সঙ্গে নিয়ে প্রথম কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছি, যা বৃহত্তর আন্দোলনের সূচনা হিসেবে কাজ করবে। এই আন্দোলন কোনো দল বা ব্যক্তির জন্য নয়, এটি দেশের প্রতিটি মানুষের অধিকার রক্ষার আন্দোলন।
সরকারের জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকারের দাবি অনুযায়ী তেলের মজুদ বাড়লেও বাস্তবে সাধারণ মানুষ চরম সংকটে পড়েছে। মজুদ যদি পর্যাপ্তই থাকে, তবে এই ভোগান্তি কেন? ব্যবস্থাপনার দুর্বলতা কেন কাটানো হচ্ছে না?
ডা. শফিকুর রহমান বলেন, সংসদে থাকা আমাদের ৭৭ জন সদস্য জনগণের স্বার্থরক্ষায় সবসময় সোচ্চার থাকবে। পাশাপাশি সংসদের ভেতরে কোনো ধরনের অনিয়ম, অনৈতিকতা বা জনবিরোধী সিদ্ধান্ত যাতে না হয়, সে বিষয়েও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।