ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি ও অবৈধ মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জ্বালানি সংকট মোকাবিলা এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানের সময় নরন্ডী মোড় এলাকায় মো. জাকির হোসেন নামক এক ব্যবসায়ীকে তেল বিক্রির কোনো লাইসেন্স ছাড়াই প্রতি লিটার অকটেন ১৭০ টাকা দরে বিক্রি করতে দেখা যায়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী তাকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
একই দিনে শাক্তা ইউনিয়নের বামুনশুর এলাকায় শেখ মুহাম্মদ জাবের হোসেন (৪৩) নামক আরেক ব্যবসায়ীকে লাইসেন্স ছাড়া তেল বিক্রি এবং প্রায় ৩০০ লিটার অকটেন ও ডিজেল অবৈধভাবে মজুত রাখার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এ সময় মজুতকৃত তেল জব্দ করা হয় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০২৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯ অনুযায়ী তাকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
কেরানীগঞ্জ মডেল রাজস্ব সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে জ্বালানির দাম বাড়ানোর চেষ্টা করছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।”
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জ্বালানি নিয়ে কোনো ধরনের অনিয়ম, মজুতদারি কিংবা অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।