ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ফুটপাত দখল, অবৈধ দোকানপাট ও যানবাহনের অনিয়ন্ত্রিত স্ট্যান্ডের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
গুরুত্বপূর্ণ ঢাকা-মাওয়া মহাসড়কের আব্দুল্লাহপুর অংশের সার্ভিস লেনে সকাল থেকে রাত পর্যন্ত প্রায়ই দীর্ঘ যানজট দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, ফুটপাত দখল করে সারি সারি দোকান বসানো এবং সড়কের ওপর অবাধে যানবাহন পার্কিংয়ের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ফুটপাতের বেশিরভাগ জায়গা জুড়ে বসেছে বিভিন্ন ধরনের দোকান। ফলে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বাধ্য হয়ে অনেককে সড়কে নেমে চলাচল করতে হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
এ ছাড়া ফুটপাতের পাশের সড়কের বড় অংশজুড়ে ভ্রাম্যমাণ দোকান বসে কাঁচামাল, ফল ও স্ট্রিট ফুড বিক্রি করতে দেখা যায়।
একই সঙ্গে রিকশা ও অটোরিকশা রাস্তার ওপর পার্ক করে রাখার কারণে যান চলাচল আরও বাধাগ্রস্ত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল এবং সড়কের বিভিন্ন মোড়ে সিএনজিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ডের কারণে প্রায় সারাদিনই যানজট লেগে থাকে। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে আব্দুলাহপুর ট্রাফিক ইন্সপেক্টর জহুরুল হক বলেন, ‘যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিয়মিত কাজ করছে।
বিশেষ করে ফুটপাত হকারমুক্ত রাখতে অভিযান পরিচালনা করা হয়। তবে উচ্ছেদের পর অনেক সময় তারা আবারও সেখানে বসে পড়ে। শহরকে যানজটমুক্ত রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, পরিবহন মালিক ও সবার সহযোগিতা প্রয়োজন।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।