সকল মেনু

নির্বাচনি ছুটিতে ঈদের মতো বাড়ি ফেরা, বাড়তি ভাড়ায় ভোগান্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ ছুটি পেয়ে ভোটের উৎসবে অংশ নিতে নিজ নিজ এলাকায় ফিরছেন সাধারণ মানুষ। মঙ্গলবার সকাল থেকেই রাজধানী ঢাকা থেকে বাড়িমুখো মানুষের ঢল নামে গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বাসসংকটের সুযোগে কয়েক গুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহনশ্রমিকদের বিরুদ্ধে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকা এবং অতিরিক্ত ভাড়া গুনেই রাজধানী ও বড় শহর ছাড়ছেন ঘরমুখো যাত্রীরা। ভোট দেওয়ার তাগিদে মানুষের এই বাড়ি ফেরার দৃশ্য অনেকটাই পবিত্র ঈদের সময়ের পরিবেশের কথা মনে করিয়ে দিচ্ছে।

আজ সকাল থেকে গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন এবং ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক ঘুরে দেখা গেছে, রাস্তার পাশে বিভিন্ন বাসস্ট্যান্ডে শত-শত মানুষ যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত মহাসড়কে ধীরগতিতে যান চলাচল করছে। যাত্রীরা অভিযোগ করেছেন, আন্তঃজেলা ও অন্তঃজেলা বাসগুলো স্বাভাবিক রুট ছেড়ে একাধিক ট্রিপ দিচ্ছে।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেক ভোটার দুই থেকে তিন দিনের ছুটি পেয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

বাসযাত্রীরা জানান, ঢাকা থেকে ময়মনসিংহ যেতে যেখানে স্বাভাবিক সময়ে ভাড়া ২০০ থেকে ২৫০ টাকা, সেখানে বর্তমানে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। বাস না পেয়ে অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রাকে উঠছেন। ট্রাকে জনপ্রতি ভাড়া নেওয়া হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা।

কয়েকজন পোশাকশ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকা থেকে ময়মনসিংহের বাসভাড়া যেখানে ২৫০ টাকা, সেখানে আজ ৬০০ টাকা দিতে হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১১ ফেব্রুয়ারি (বুধবার) ও ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ছুটি রয়েছে। এই টানা ছুটি পেয়ে ভোট দেওয়ার পাশাপাশি স্বজনদের সঙ্গে সময় কাটাতেও মানুষ বাড়ি ফিরছেন।

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর) জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চন্দ্রা ত্রিমোড় এলাকায় বাস, ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। ঈদের সময়ের মতো যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত ছুটিতে সবাই একযোগে দেশের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ছুটি ঘোষণার কারণে কেউ কেউ নিজ নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন, আবার অনেকে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে গ্রামের বাড়ির পথে পাড়ি জমিয়েছেন।

এদিকে অতিরিক্ত যাত্রীর চাপ ও যানবাহনের সংকটের সুযোগে কয়েকটি পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, যেখানে স্বাভাবিক সময়ে ২০০ টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে এখন ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এতে সাধারণ যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত হোসেন বলেন, ‘নির্বাচন উপলক্ষে ঘোষিত ছুটিকে কেন্দ্র করে চন্দ্রা এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগ একযোগে কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট পরিবহনগুলোর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’

তিনি আরও জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যাত্রী হয়রানি রোধে নজরদারি জোরদার করা হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।