সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-জামালগঞ্জ) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। এই আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল এবং জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের আমির তোফায়েল আহমদ ভোটের মাঠে মুখোমুখি অবস্থানে রয়েছেন।
নির্বাচনের শেষ পর্যায়ে এসে প্রচারণা তীব্রতর হয়েছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত পথসভা, গণসংযোগ ও বাজার বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছাতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনায় সক্রিয় রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল দলীয় সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে প্রচারণা জোরদার করেছেন। প্রার্থী পরিবর্তনের পর শুরুতে কিছুটা বিভ্রান্তি থাকলেও বর্তমানে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন বলে দাবি বিএনপির। অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমদও নিজ দলের কর্মী-সমর্থকদের নিয়ে সক্রিয়ভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো বলেন, এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, ধর্মপাশা উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আজহারুল ইসলাম দিপ্ত বলেন, তরুণ প্রজন্মের ভোট যদি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে যায়, তাহলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি জানান, তরুণ ও শিক্ষার্থীদের ভোটমুখী করতে বিশেষ প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।