জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, “৫ আগস্ট যেভাবে আমরা সফল হয়েছি, ঠিক সেভাবেই ১২ ফেব্রুয়ারিও সফল করব। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি বিজয় নিয়েই আমরা ঘরে ফিরব।”
রোববার সকালে রাজধানীর বাড্ডায় এনসিপির এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি শুধু ঢাকা-১১ আসনে নয়, সারা বাংলাদেশেই বিজয়ের ব্যাপারে আশাবাদী। তার ভাষায়, ১১ দলীয় ঐক্যজোট সরকার গঠনের জন্যই নয়, ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য গঠিত একটি ঐক্যজোট। তিনি দেশজুড়ে ঐক্যজোটের প্রার্থী ও প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি বাংলাদেশকে দখলদারমুক্ত, আধিপত্যবাদমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে হবে। ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য তরুণ যুবসমাজ প্রস্তুত আছে। ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টের অর্জনও ব্যর্থ হয়ে যাবে।”
নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশে একটি রাজনৈতিক শক্তি রয়েছে যারা বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে। সেই পরিকল্পনাকে জনগণের শক্তিতেই পরাজিত করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
ঢাকা-১১ আসনের অবকাঠামোগত সংকট তুলে ধরে তিনি বলেন, এ এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ, সরকারি স্কুল ও হাসপাতাল নেই। সরকারি হাসপাতাল না থাকায় স্বাস্থ্যসেবা পুরোপুরি বেসরকারি খাতের ওপর নির্ভরশীল। সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে মাত্র ১৫টি এবং কোনো সরকারি হাইস্কুল নেই। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই প্রায় ৬০ শতাংশ রাস্তা জলাবদ্ধতায় তলিয়ে যায়। মাত্র ৩০–৩৫ শতাংশ এলাকা পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার আওতায় রয়েছে, বাকি অংশ অপরিকল্পিত নর্দমা ও খালের ওপর নির্ভরশীল।
তিনি আরও বলেন, রামপুরা ও শাহজাদপুর খালসহ এলাকার খাল ও নদী দখল ও ভরাট করে ফেলা হয়েছে, ফলে সেগুলো আর পানি নিষ্কাশনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।
ঢাকা-১১ আসনের উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার মূল কারণ হিসেবে তিনি রাজনৈতিক আশ্রয়ে পরিচালিত ভূমিদস্যুদের দায়ী করেন। তার দাবি, শত শত মানুষের ব্যক্তিগত ও খাসজমি, জলাশয় দখল করে ভরাট করা হয়েছে, যার ফলে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
অর্থনৈতিক বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে নাহিদ ইসলাম বলেন, ঢাকা-১১ এলাকার নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। যাদের জমি দখল হয়ে গেছে, তাদের জমি ফিরিয়ে দেওয়া হবে অথবা ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হবে। ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা-১১ থেকে চিরতরে নির্মূল করা হবে বলেও তিনি অঙ্গীকার করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।