প্রভাবশালী রাজনৈতিক দলগুলো ভোটারদের প্রভাবিত করতে নগদ অর্থ বিতরণ করছে—এমন অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রোববার বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা প্রয়োজন। তিনি বলেন, মূল্যবোধভিত্তিক গণতন্ত্র গঠনে গণভোটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় ‘বাংলাদেশ টাইমস’ নামের একটি গণমাধ্যমের সংশ্লিষ্ট সবাইকে তুলে নেওয়া হয়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর বড় ধরনের আঘাত। সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
টিআইবি জানায়, তিন দফা ভোটার তালিকা হালনাগাদ করা হলেও কিছু আসনে অতিরিক্ত ভোটার স্থানান্তর ও বিপুলসংখ্যক নতুন ভোটার যুক্ত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দল উদ্বেগ ও অভিযোগ প্রকাশ করেছে।
এ ছাড়া সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ, সংঘর্ষ এবং থানায় হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে অসন্তোষ জানিয়ে নির্বাচন কমিশনে এক হাজার ১৮৫টি দাবি ও আপত্তি জমা পড়েছে। কিছু ক্ষেত্রে জনগণের মতামত উপেক্ষা করার অভিযোগও উঠেছে।
টিআইবি আরও জানায়, নিবন্ধন পাওয়া কিছু নতুন রাজনৈতিক দলের ক্ষেত্রে মাঠপর্যায়ে তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই না করা, নিবন্ধনের শর্ত পূরণ ও যোগ্যতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। পাশাপাশি প্রতীক বরাদ্দে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও রাজনৈতিক দলগুলোর অসন্তোষ রয়েছে।
সংবাদ সম্মেলনে টিআইবির উপদেষ্টা ড. সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পরিচালক (গবেষণা) মুহাম্মদ বদিউজ্জামান ও পরিচালক (গবেষণা) মাহফুজুল হক উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।